মানুষ গড়ার কারিগর: প্রিন্সিপ্যাল আবুল হাশেম

ফারুক আহমাদ

অধ্যক্ষ, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, ফেনী

August 25, 2026
1 min read

প্রিন্সিপ্যাল আবুল হাশেম আর নেই। কথাটা ভাবতেই ব্যথায় ভরে ওঠে মন। এমন কর্মঠ, নিরলস, প্রচারবিমুখ, একনিষ্ঠ জ্ঞানতাপস, মানুষ গড়ার দক্ষ কারিগরকে এতো অল্প সময়ে হারাতে হবে তা ভাবিনি। জ্ঞানচর্চায় এমন অকৃত্রিম ও আন্তরিক শিক্ষাবিদ দুর্লভ। রাসুলের (সাঃ) হাদিসের পূর্ণ অনুসারী ছিলেন শিক্ষাবিদ প্রিন্সিপ্যাল আবুল হাশেম। রাসুল (সাঃ) হাদিসে বলেন “দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানার্জন কর”। এ হাদিসের বাস্তব উপলব্ধি দেখেছি তাঁর মাঝে।

স্মরণ হয়, ইসলামী স্কলার, দার্শনিক আল-ফারাবীর কথা। তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত। প্রখ্যাত মুহাদ্দিস হাসান বসরীকে তাঁকে দেখতে যান। ফারাবী হাসান বসরীকে জিজ্ঞাসা করেন ফারায়েজের একটি মাসয়ালা। হাসান বসরী বলেন, আপনি এখন মুমূর্ষু, রোগাক্রান্ত, ব্যথাতুর। আপনার এখন ফারায়েজ নিয়ে আলোচনা না করলে হয় না?
ফারাবী উত্তর দিয়েছিলেন, মৃত্যুর আগে আমি আর একটি বিষয় জেনে মারা গেলাম, এটাই তো ভালো। অগত্যা হাসান বসরী আলোচনা করলেন এবং আলোচনা শেষে ফারাবীর বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে শুনতে পেলেন ফারাবী ইন্তেকাল করেছেন।

ফারাবী দর্শনের পূর্ণ অনুসরণকারী দেখেছি প্রিন্সিপ্যাল আবুল হাশেমকে। মৃত্যুর কয়েক দিন পূর্বে কসমোপলিটন হাসপাতালে তাঁকে দেখতে গেলাম। সেই চিরচেনা হাসিমাখা মুখ। তিনি উঠে বসতে চাইলেন। না করলাম। মাথায় হাত বুলালাম। দোয়া করলাম। শরীর-স্বাস্থ্যের খোঁজখবর নিলাম। আমিও আমার ও মাদরাসার, আমার আব্বা-আম্মা ও পরিবারের সদস্যদের খোঁজখবর নিলেন। এর পরের প্রশ্নই ছিল মাদরাসার পরীক্ষা কবে? সিলেবাস শেষ হয়েছে কিনা? সাথে সাথে মডেল মাদ্রাসার পরীক্ষার বিষয়ে চিন্তিত মনে প্রশ্ন করলেন। এ বিষয়ে ওরা এখনো তাঁকে কিছুই জানায়নি। এবং কেন? আমার সামনেই মডেল মাদ্রাসার কয়েকজন ছাত্র ও শিক্ষককে একই প্রশ্ন। পরীক্ষার তারিখ ঠিক হয়েছে কিনা? রুটিন ছাপানো হয়েছে কিনা? শিক্ষকরা প্রশ্ন জমা দিয়েছেন কিনা? আমি তাঁকে বললাম আপনি এখন অসুস্থ। এ বিষয় নিয়ে চিন্তা করবেন না। শিক্ষক যারা দায়িত্বপ্রাপ্ত ও সুস্থ আছেন, তারা চিন্তা করবে। তিনি স্বভাবগত রাগে বলে উঠলেন, না, হবে না। ভাইস প্রিন্সিপ্যালকে খবর দিন। আমি এই বিষয়টা বুঝিয়ে বলব এবং সঠিক সিদ্ধান্ত দিতে হবে। মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত তিনি জ্ঞানচর্চা ও সাধনায় নিজেকে সম্পৃক্ত রেখে ধন্য হয়েছেন। মৃত্যুর একদিন আগেও তিনি মাদ্রাসা কমিটির সভাপতিকে বলেছেন। আমার বাসায় কমিটির মিটিং দিন। মাদ্রাসা সংক্রান্ত বিষয়ে আমি সবকিছু আপনাদের নজরে দিয়ে যেতে চাই।

খুব কাছাকাছি থেকে নিরবিচ্ছিন্ন দশটি বছর কাটিয়েছি। কষ্টকর কোনো অধ্যায় সংযোজিত হয়নি। উনার মৃত্যুর এক বছর আগে বিলম্বিত সংবর্ধনা দেওয়াটা উনাকে নীরবে কষ্ট দিয়েছে। পরোক্ষভাবে এমন কথাটি কানে কানে আমাকে শুনিয়েছেন। যে কোনো কাজে তাঁকে দেখতাম প্রথমে নিজে একটা ছক এঁকে নিতেন। তারপর কর্মপরিকল্পনা এবং তা বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা। অন্যদেরকে কাজে সম্পৃক্ত করার অদ্ভুত কৌশল। অনুপ্রেরণা দিয়ে লক্ষ্যে পৌঁছার অহর্নিশ প্রচেষ্টা। ব্যর্থতার গ্লানি, অপ্রাপ্তির বেদনা, অতৃপ্তির মলিনতা তাঁকে স্পর্শ করতে পারত না। নতুন কিছু জানার, নতুন কিছু করার উদ্যম তাঁর মাঝে আমরণ সক্রিয় ছিল।

সতের বছর পূর্বের কথা। আমি তখন চাটখিল আলিয়া মাদ্রাসায় মুহাদ্দিস ছিলাম। ফেনী থেকে তিনি চারবার গিয়েছিলেন আমাকে তাঁর সহকর্মী ভাইস প্রিন্সিপ্যাল করে নিয়ে আসার জন্য। প্রতিবারই তিনি নতুন কৌশলে আমাকে নতুন স্বপ্ন দেখাতেন। এখানে আসলে তিনি আমাকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটিকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারবেন। আমরা আল্লাহর রহমতে তাঁর নেক দোয়ায় প্রতিষ্ঠানটি তাঁর দেখা সে স্বপ্নে পৌঁছাতে পেরেছি। পাবলিক পরীক্ষায় সারাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সাত বছর। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়ায় মর্যাদাও আছে। আমি প্রতিবার ফলাফলের পরপরই তাঁকে টেলিফোনে তাঁর স্বপ্নের বাস্তবায়ন জানাতাম। তিনি খুশি হতেন। দোয়া করতেন মন খুলে।

সহজ-সরল, সাবলীল, অনাড়ম্বর জীবন ছিল তাঁর। শিক্ষা প্রতিষ্ঠানে অহংকার বলতে কিছুই ছিল না তাঁর জীবনে। শিশু শ্রেণির একজন ছাত্রের কথাও তিনি মনোযোগ দিয়ে শুনতেন। একবার প্রথম শ্রেণির এক ছাত্র আমার রুমে প্রবেশ করল। ভদ্রতা নম্রতাসহ অনুমতি নিয়ে খুব কাছে এসে বলল, টিনসেটে আমাদের খুব গরম লাগে। আমাদের ক্লাসের ছাত্ররা মনে করে, একটা ফ্যান হলে ভালো হয়। ছেলেটিকে নিয়ে তাঁর কাছে গেলাম। তিনি তার কথা শুনে হাসলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, আগামীকালের মধ্যে তোমার ক্লাসে ফ্যান হবে।

শ্রেণি কার্যক্রম পরিচালনায় যখন হিমসিম খেয়ে যেতাম। শিশু থেকে কামিল পর্যন্ত যে কোনো ক্লাসে বললেই তিনি দৌড়ে যেতেন। তাঁর কাছে আগে ক্লাস, পরে অফিস। কামিল ক্লাসে নিয়মিত একটা ক্লাস নিতেন। কোনোদিন অনিয়মিত পাঁচ-সাতটা ক্লাসও নিতেন। কোনো শিক্ষকের সিলেবাস শেষ না হলে তাকে দৃষ্টি আকর্ষণ করতেন। পরীক্ষার ফলাফল দিতে বিলম্ব হলে তার উপর ভীষণ ক্ষেপে যেতেন। ভালো ছাত্র ভর্তির ব্যাপারে তাঁর প্রাণান্তকর প্রচেষ্টা ছিল। আমরা লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়ার পরও কোনো ছাত্রকে তিনি যদি বুঝতেন দুর্বল, আবার জিজ্ঞাসাবাদ করতেন, মানে না টিকলে বাদ দিতেন।

শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রম বিশেষত ক্রীড়া, সাংস্কৃতি, শিক্ষা সফর এগুলো ছিল তাঁর একটা আনন্দের ব্যাপার। শিক্ষা সফরে তাঁর সহযোগী হয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাটুরিয়া গিয়েছি। অন্য কথায় বলা যায়, বাংলাদেশের সকল জেলায় সফর করা সম্ভব হয়েছে। স্মরণীয় এবং মজার ব্যাপার হলো, একবার এক সফরে বিলম্ব হওয়ায় একজন শিক্ষককে হাটহাজারীতে রেখে তিনি চলে আসেন। দায়িত্বশীল একজন শিক্ষককে বিলম্বের কারণে ফেনীতে রেখে তিনি শিক্ষা সফরের গাড়ি চালিয়ে যেতে নির্দেশ দেন। একবার সেন্টমার্টিন সফর করলাম। আমাদের অধিকাংশ সফর হতো বুধবার, বৃহস্পতিবার। পরের দিন শুক্রবার প্রতিষ্ঠান বন্ধ। শনিবার পুরোদমে ক্লাসে হবে। সেন্টমার্টিন কেয়ারী সিন্দাবাদে যেতে হয়। হিসাব মিলাতে না পেরে সপ্তাহের মাঝামাঝি সফর করলাম। পরের দিন মাদ্রাসা খোলা। টেকনাফ থেকে সন্ধ্যা সাতটায় গাড়ি ছেড়ে রাত চারটায় ফেনী এলাম। তিনি আমাকে বললেন, আগামীকাল ক্লাস খোলা। সকাল সাড়ে আটটা। আল্লার বান্দাহ যথাসময়ে হাজির। অবাক হলাম, কয়েকজন যুবক শিক্ষক দরখাস্ত দিলেন ছুটির জন্য। আর সবচে বেশি বয়স্ক প্রিন্সিপ্যাল আবুল হাশেম সাহেব সেদিনও আট পিরিয়ড ক্লাস করে আমাকে সহযোগিতা করেছেন।

দিনের বেলায় ক্লাস ও একাডেমিক কাজ বেশি থাকায় সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত তিনি অফিস ফাইলসমূহ গোছানো এবং অন্যান্য কাজে মনোযোগী হতেন। রাতের বেলায় কোনো অভিভাবক এসে কোনো তথ্য চাইলে তিনি হাসিমুখে তা দিয়ে দিতেন। বিরক্ত হতেন না। অফিস সহকারীদেরকেও অনেক সময় তিনি রাতের বেলায় অফিসে আসতে বাধ্য করতেন। আমিতো প্রতিষ্ঠানের প্রয়োজনেই তাঁর সাথে সাহচর্য দিতে বাধ্য হতাম। রাত দশটায়ও তিনি হাসিমুখে গল্প করতে করতে বাসায় ফিরতেন।

সদা হাসি-খুশি, সদালাপী, সরল বিশ্বাস, উদারমন, নিজের ও পরিবারের ব্যাপারে উদাসীন থেকেই তিলে তিলে তিনি গড়ে তোলেন দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আল-জামেয়াতুল ফালাহিয়া। এর পূর্বে তিনি সম্পৃক্ত ছিলেন দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জামেয়ায়ে কাসেমিয়া নরসিংদী ও তামিরুল মিলাত কামিল মাদ্রাসায়। পাবনার পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসা ও নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে তাঁর সুনাম ছিল।

ক্ষণজন্মা এই শিক্ষাবিদের মরণে আমরা শোকাহত। অগণিত ওস্তাদের ওস্তাদ। জাতিকে তিনি অনেক শ্রেষ্ঠ সন্তান উপহার দিলেও জাতি তাঁকে বেশি কিছু দিতে পারেনি। আমরা আজ শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করি এবং তাঁর পরকালীন মুক্তি কামনা করি।

Share:

Related Posts

View All
No Image

মানুষটি চলে গেছেন, আলোটি রয়ে গেছেঃ মাওলানা আবুল হাশেম (রহ.)-এর স্মৃতিতে

মুহাম্মদ ওমর ফারুক

মুহাম্মদ ওমর ফারুক

পিএইচডি গবেষক || মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, মালয়েশিয়া

জীবনে আমরা অনেক শিক্ষকের কাছে পড়ি। কারও শেখানো সূত্র মনে থাকে, কারও দেওয়া নোট বহু বছর যত্ন করে রেখে দিই, কারও পড়ানো বিষয় আমাদের উচ্চশিক্ষা ও কর্মজীবনের ভিত তৈরি করে। কিন্তু জীবনের দীর্ঘ পথ পেরিয়ে একসময় বুঝতে পারি-সব শিক্ষক আমাদের স্মৃতিতে একইভাবে থেকে যান না। কিছু শিক্ষক আছেন, যাঁদের পড়ানো পাঠের অনেক কিছু সময়ের সঙ্গে […]
Read More
মাওলানা আবুল হাশেম (রহ.): একজন প্রকৃত আলিমের জীবন, কর্ম ও উত্তরাধিকার

মাওলানা আবুল হাশেম (রহ.): একজন প্রকৃত আলিমের জীবন, কর্ম ও উত্তরাধিকার

ড. মুহাম্মদ নুরউদ্দিন কাওছার

ড. মুহাম্মদ নুরউদ্দিন কাওছার

নির্বাহী সম্পাদক, দ্বিমাসিক আল মাকতাব, ঢাকা

মানবসভ্যতার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁদের প্রকৃত মূল্যায়ন তাঁদের জীবদ্দশায় নয়, বরং তাঁদের রেখে যাওয়া জ্ঞান, আদর্শ এবং কর্মের দীর্ঘমেয়াদি প্রভাবের মাধ্যমে সম্পন্ন হয়। তাঁরা কেবল একটি সময়ের প্রতিনিধি নন; বরং যুগের সীমানা অতিক্রম করে পরবর্তী প্রজন্মের জন্যও আদর্শ হয়ে থাকেন। ইসলামী সভ্যতার ইতিহাসে আলিমগণ এমনই এক শ্রেণির মানুষ, যাঁদের কাঁধে ন্যস্ত হয়েছে নবুওয়াতের […]
Read More
মরহুম হযরত মাওলানা আবুল হাশেম হুজুরের সাথে স্মৃতিময় দিনগুলো

মরহুম হযরত মাওলানা আবুল হাশেম হুজুরের সাথে স্মৃতিময় দিনগুলো

হোসাইন আহমদ

হোসাইন আহমদ

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ,মিরপুর,বাহুবল,হবিগঞ্জ || সাবেক শিক্ষার্থী,জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা,নরসিংদী

ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী জামেয়া কাসেমিয়া ১৯৭৯ সালের জুন/জুলাইয়ে তারিখটি ঠিক মনে পড়ছে না। আমি ও মহিবুল ইসলাম আমার সিনিয়র এক ভাইকে নিয়ে জামেয়ায় ভর্তির উদ্দেশ্যে যাই। অফিস কক্ষে তখন জামেয়ার ভাইস প্রিন্সিপাল মরহুম হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ (রহ.) যাকে আমরা বড় হুজুর বলে ডাকতাম, তিনি আমার ইন্টারভিউ নিয়ে ভর্তির ব্যবস্থা করলেন পাশাপাশি হোস্টেলে থাকার […]
Read More