মরহুম হযরত মাওলানা আবুল হাশেম হুজুরের সাথে স্মৃতিময় দিনগুলো
হোসাইন আহমদ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ,মিরপুর,বাহুবল,হবিগঞ্জ || সাবেক শিক্ষার্থী,জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা,নরসিংদী
ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী জামেয়া কাসেমিয়া ১৯৭৯ সালের জুন/জুলাইয়ে তারিখটি ঠিক মনে পড়ছে না। আমি ও মহিবুল ইসলাম আমার সিনিয়র এক ভাইকে নিয়ে জামেয়ায় ভর্তির উদ্দেশ্যে যাই। অফিস কক্ষে তখন জামেয়ার ভাইস প্রিন্সিপাল মরহুম হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ (রহ.) যাকে আমরা বড় হুজুর বলে ডাকতাম, তিনি আমার ইন্টারভিউ নিয়ে ভর্তির ব্যবস্থা করলেন পাশাপাশি হোস্টেলে থাকার জন্য তৎকালীন সময়ের হোস্টেল ও ডাইনিং সুপার মরহুম হযরত মাওলানা আবুল হাশেম যাকে আমরা ‘‘হাজী হুজুর’’ হিসেবে চিনতাম তাকে তিনি বললেন এই ছেলেটিকে হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেন।
তিনি সেই পরম শ্রদ্ধাভাজন আমার প্রিয় শিক্ষক যাকে নিয়ে আজকের স্মৃতি চারণ আমি দীর্ঘ সময়ে উনার সান্নিধ্যে ছিলাম। যিনি ছিলেন জামেয়ার অধ্যক্ষ সাইয়েদ কামাল উদ্দিন জাফরী (দাঃ), হুজুরের অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তি। জামেয়াকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার পিছনে শুরু থেকে যে কয়জন মহৎ ব্যক্তি কারিগরের ভূমিকা পালন করেছেন, যারা বুদ্ধি ও পরামর্শ দিয়ে সার্বক্ষণিক অধ্যক্ষ মহোদয়ের পাশে ছিলেন তিনি (হাজী হুজুর) হলেন সকলের অন্যতম। সদা হাস্যোজ্জ্বল ছাত্র বান্ধব অমায়িক ও বিনয়ী স্বভাবের প্রজ্ঞাবান এই হুজুর আমাদেরকে ক্লাসে নাহু ছরফ, অত্যন্ত যত্ন সহকারে পড়াতেন। আমরা মন্ত্রমুগ্ধের মত অতি মনোযোগের সাথে উনার ক্লাস শুনতাম।
হোস্টেল পরিচালনায় উনার দক্ষতা, দূরদর্শিতা চোখে পড়ার মত। হোস্টেলের ছাত্রদেরকে সুশৃঙ্খলভাবে পরিচালনায় তিনি ছিলেন খুবই দক্ষ, অভিজ্ঞ। সিট বরাদ্দের ক্ষেত্রে ছাত্রদের পছন্দকে তিনি খুবই গুরুত্ব দিতেন। হোস্টেলে ছাত্রদের পড়াশোনার পরিবেশ ও পরিষ্কার ও পরিচ্ছন্নতা প্রতি তিনি সজাগ দৃষ্টি রাখতেন।
ডাইনিং পরিচালনায়ও তিনি ছিলেন অত্যন্ত সফল। খাবারের মান ও গুণাগুণ রক্ষায় তিনি ছিলেন খুবই যত্নশীল। এক্ষেত্রে বাবুর্চিদের প্রতি তিনি সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতেন, যাতে কোন অবস্থায় খাবারের মান খারাপ হয়ে না যায়। খাবার রুচিশীল ও পছন্দনীয় করার জন্য ছাত্রদের মধ্য থেকে তিনি একটি অভিনব ও কার্যকরী কমিটি গঠন করে দিয়েছিলেন, যাতে করে তারা প্রতিদিনকার খাবারের মেন্যু ঠিক করে দিতে পারে।
এই ক্ষুদ্র পরিসরে হুজুরের প্রশংসনীয় কীর্তিগুলো তুলে ধরা সম্ভব নয়। আমি পরিশেষে হুজুরের জন্য মহান মাবুদের কাছে কায়ো মনো বাক্যে এই প্রার্থনা করি তিনি যেন আমার প্রিয় হুজুরের ভাল কর্মগুলোর সঠিক জাযা প্রদান করেন। জীবনের যাবতীয় ত্রুটি, বিচ্যুতি ক্ষমা করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
Related Posts
View Allমানুষটি চলে গেছেন, আলোটি রয়ে গেছেঃ মাওলানা আবুল হাশেম (রহ.)-এর স্মৃতিতে
মুহাম্মদ ওমর ফারুক
পিএইচডি গবেষক || মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, মালয়েশিয়া
মানুষ গড়ার কারিগর: প্রিন্সিপ্যাল আবুল হাশেম
ফারুক আহমাদ
অধ্যক্ষ, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, ফেনী
মাওলানা আবুল হাশেম (রহ.): একজন প্রকৃত আলিমের জীবন, কর্ম ও উত্তরাধিকার
ড. মুহাম্মদ নুরউদ্দিন কাওছার
নির্বাহী সম্পাদক, দ্বিমাসিক আল মাকতাব, ঢাকা