সামাজিক চাহিদা পূরণে মাদ্রাসা শিক্ষা
( লেখাটি ১৯৯৫ সালে আল-জামেয়াতুল ফালাহিয়া (কামিল) মাদ্রাসার বার্ষিকীতে প্রকাশিত হয়)
সমাজে খোদাভীরু, যোগ্য ও আদর্শ মানুষ গড়ার উদ্দেশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা) যে মহান শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করে গেছেন, উহাই “মাদ্রাসা শিক্ষা” নামে পরিচিত।
প্রাচীন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত জ্ঞানী-গুণীদের চারিত্রিক ও আদর্শিক গুণাবলীতে আকৃষ্ট হয়ে, বর্তমান যুগেও মাদ্রাসায় শিক্ষিতরা ইসলামের প্রচার ও প্রসারের সাথে সাথে, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রেখে; দেশের সামাজিক চাহিদা পূরণে যাতে উপযুক্ত ভূমিকা রাখতে পারেন, সে জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সমন্বিত পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা আজ ডিগ্রী নিয়ে শুধু মাদ্রাসায় শিক্ষকতা বা মসজিদের ইমামতির দায়িত্বে সীমাবদ্ধ নন। দেশের আর্থ-সামাজিক চাহিদা পূরণে এবং রাজনৈতিক ও আর্থনৈতিক অঙ্গনেও নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্ব যোগ্যতা ও সততার সহিত পালন করছেন। সরকার একটু আন্তরিক হলে, মাদ্রাসা শিক্ষায় শিক্ষার্থীগণ আরো অধিক হারে যোগ্যতা ও সততার পরিচয় দিতে পারেন। এ বিষয় পর্যালোচনার উদ্দেশ্যেই এ নিবন্ধের অবতারণা।
উপমহাদেশে মাদ্রাসা শিক্ষা
মুসলমানগণ ভারত বর্ষে আগমনের সাথে সাথে এতদঞ্চলে শিক্ষার আলোও নিয়ে আসেন। তারা মসজিদ মাদ্রাসা ও খানকাহ প্রতিষ্ঠা করে কোরআন-হাদীসের আলোকে বিভিন্ন বিষয় শিক্ষা দিতেন। এ সমস্ত প্রতিষ্ঠান লাখেরাজ, ওয়াকফ, হেবা সম্পত্তি এবং সরকারী সাহায্যে পরিচালিত হতো। মাক্স মুলারের এক সরকারী রিপোর্টে বলা হয়েছে যে, ইংরেজ শাসনের পূর্বে একমাত্র বাংলাদেশেই ৮০ হাজার মক্তব ছিল।
ইংরেজ আমলে মাদ্রাসা শিক্ষা
১৭৫৭ খৃষ্টাব্দে বাংলার স্বাধীনতাসূর্য অস্তমিত হওয়ার পর ইংরেজরা মুসলমানদের হেবা, ওয়াক্ফ ও লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করে দেয়। ফলে এদেশের প্রচলিত মক্তব ও মাদ্রাসাগুলি বিলুপ্ত অথবা ধর্মনিরপেক্ষ স্কুলে রূপান্তরিত হয়ে যায়। এ সম্পর্কে এডাম শিক্ষা কমিশনের রিপোর্টে দেখা যায় যে, এদেশের বৃটিশ রাজত্ব কায়েমের পর ইংরেজরা মুসলিম শাসনামলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অভিযান চালিয়ে ফারসী ও আরবী ভাষার পরিবর্তে ইংরেজী ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে চালু করে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় একলক্ষ মাদ্রাসা ধ্বংস করে দেয়; যাতে রাজ্যহারা মুসলমানদেরকে অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও ধর্মীয় দিক থেকে পঙ্গু করা যায়। এহেন ষড়যন্ত্রমূলক কাজের ফলে ঐ সময় শিক্ষকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত সাত লক্ষাধিক মুসলমান চাকুরী হারিয়ে বেকার হয়ে যায়। এভাবে ইংরেজ শাসনামলে মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা সংস্কারের নামে এমন এক শুদ্ধি অভিযান পরিচালনা করে, যার অভিশাপ থেকে আজও মুসলমানগণ মুক্তি পায়নি।
পাক আমলে মাদ্রাসা শিক্ষা
বলা বাহুল্য, দেশ বিভাগের পর হতে বাংলাদেশ সৃষ্টি হওয়া পর্যন্ত মাদ্রাসা শিক্ষা সংস্কার ও উন্নতির নামে প্রায়ই কোন না কোন কমিটি কমিশন গঠিত হতে থাকে। মাদ্রাসার সমস্যা সমাধান, মাদ্রাসা শিক্ষার উন্নতি ও আধুনিকায়নের নামে সভা-সমিতি করণ, কমিটি-কমিশন গঠন তখন রীতিমত একটা রেওয়াজ হয়ে গিয়েছিল। মাদ্রাসায় উন্নয়ন বরাদ্ধ বলতে সে সময় কোন স্বতন্ত্র বরাদ্দ ছিলনা। জীবিকার জন্য শিক্ষকদেরকে সমাজের ধনী ব্যক্তিদের দান সাদকার উপর নির্ভর করতে হতো।
বাংলাদেশ আমলে ১৯৭৮ ইং সালে মরহুম জিয়াউর রহমান সরকারের আমলে মাদ্রাসা শিক্ষাকে জাতীয় মর্যাদা দিয়ে, পূর্ব গঠিত বিভিন্ন কমিটি কমিশনের সুপারিশমালার আলোকে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার বলিষ্ঠ পদক্ষেপ নেয়া হয়। তখন থেকে এ পর্যন্ত মাদ্রাসা শিক্ষার অগ্রগতির একটি সংক্ষিপ্ত বিবরণ নিম্নে দেয়া হলো
১. ১৯৭৯ ইং সালে “বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড” নামে স্বায়ত্বশাসিত বোর্ড প্রতিষ্ঠিত হয়।
২. আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসায় প্রবর্তন করার লক্ষ্যে, বিজ্ঞান শিক্ষা প্রকল্পের আওতায় বেশ কিছু সংখ্যক মাদ্রাসা অন্তর্ভুক্ত করা হয়।
৩. দাখিল আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সাধারণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে ভর্তির সুযোগ দেয়া হয়।
৪. ১৯৮২ ইং সালে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
৫. সাধারণ শিক্ষার ন্যায় মাদ্রাসা শিক্ষাকেও ৫টি স্তরে বিন্যাস করা হয়।
(ক) ইবতেদায়ী (প্রাথমিক স্তর) ১ম-৫ম শ্রেণী পর্যন্ত- ৫ বৎসর।
(খ) দাখিল (মাধ্যমিক স্তর) ৬ষ্ঠ-দশম শ্রেণী পর্যন্ত-৫ বৎসর।
(গ) আলিম (উচ্চ মাধ্যমিক স্তর)- ২ বৎসর।
(ঘ) ফাজিল (স্নাতক স্তর)- ২ বৎসর (প্রস্তাবিত)।
(৩) কামিল (আতকোত্তর স্তর)-২ বৎসর (প্রস্তাবিত)।
এভাবে তুলনামূলক আলোচনা করলে দেখা যায় যে, মাদ্রাসা শিক্ষা এখন ভিন্ন কোন শিক্ষা নয়, বরং ইহা একটি জাতীয় শিক্ষা হিসাবে পরিগণিত। একটি জাতীয় শিক্ষার পাঠ্যসূচীতে যে মৌলিক বিষয় অন্তর্ভুক্ত থাকা উচিত, তার সব কিছু এ শিক্ষায় আছে। বর্তমানে মাদ্রাসা শিক্ষা গণমুখী শিক্ষা হওয়ায় একদিকে যেমন মাদ্রাসার সংখ্যা বাড়ছে তেমনি ছাত্র সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। যার প্রেক্ষিতে সরকার ১৯৮০-৮১ সালে মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে এক বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেন। এ সময় সরকার বেসরকারী স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের বেতন বৈষম্য দূরিকরণের লক্ষ্যে একটি অভিন্ন বেতন স্কেল প্রবর্তন করেন। যার ৫০% (পঞ্চাশ শতাংশ) ১৯৮০ সালের ১লা জানুয়ারী থেকে দিতে থাকেন। এই অভিন্ন বেতন স্কেল প্রবর্তন মাদ্রাসা শিক্ষকদের জন্য ছিল এক তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী ঘটনা। কেননা এই প্রথমবার মাদ্রাসা শিক্ষা দেশের সাধারণ শিক্ষার সমমর্যাদা লাভ করে। বর্তমানে সরকার ৮০% বেতন, মহার্ঘভাতা ছাড়াও ২৫০ টাকা হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দিচ্ছেন। সরকার ১৯৯৪ ইং সালে জুলাই মাস থেকে টাইম স্কেল প্রবর্তন করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আশা করা যায়, জাতীয় প্রয়োজনে মাদ্রাসা শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং অদূর ভবিষ্যতে মুসলিম শাসনামলের গৌরবোজ্জল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাই পুনরায় এদেশের জাতীয় শিক্ষা হিসাবে বিবেচিত হবে। মাদ্রাসা শিক্ষার সফলতা সুদূর প্রসারী ও তা ৎপর্যপূর্ণ। নিম্নে এব্যাপারে আলোকপাত করা গেল।
নিরক্ষরতা দুরিকরণ
আলেম সমাজ কুরআন-হাদীসের শিক্ষা সম্পর্কিত বাণীতে অনুপ্রাণিত হয়ে, যুগ যুগ ধরে সমাজে শিশু-কিশোরদেরকে মসজিদ, মক্তব ও ইবতেদায়ী মাদ্রাসার মাধ্যমে কুরআন পঠনসহ মাসলা-মাসায়েল, হিসাব-নিকাশ ও বাংলা অক্ষর জ্ঞান নিঃস্বার্থভাবে শিক্ষা দিয়ে আসছেন। সম্প্রতি এক জরীপে দেখা যায় যে, বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলে প্রায় দু’লক্ষ মসজিদে প্রায় ৪ লক্ষ ইমাম ও মোয়াজ্জিন মসজিদ ভিত্তিক মক্তবের মাধ্যমে কুরআনের অক্ষর জ্ঞন ও মাসয়ালা মাসায়েল শিক্ষা দিয়ে আসছেন। আর এক জরীপে দেখা যায় যে, এ অঞ্চলে ছোট-বড় প্রায় ৮০ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। তন্মধ্যে মাত্র ১৪ হাজার সরকারের স্বীকৃতিপ্রাপ্ত। এই ১৪ হাজার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সংখ্যা ৭০ হাজারেরও বেশী। যারা নিরলসভাবে ছাত্রদেরকে প্রাথমিক শিক্ষা দিয়ে যাচ্ছেন। দেশের প্রাথমিক স্কুলে গমনোপযোগী ৩০% ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে যাচ্ছেনা। তাছাড়া সমসংখ্যক শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে স্থান সংকুলান ও আসবাবপত্রের অভাবে বা দারীদ্রতার কারণে করে যাচ্ছে। এমতাবস্থায় মসজিদ কেন্দ্রীক মক্তব ও ইবতেদায়ী মাদ্রাসার গুরুত্ব দেশ ও সমাজের নিকট অপরিসীম।
শান্তি-শৃংখলা রক্ষা
যুগ-যুগ ধরে আলেম সমাজ নিঃস্বার্থভাবে সমাজের শান্তি-শৃংখলা রক্ষার্থে কাজ করার ইতিহাস সর্বজন স্বীকৃত। বর্তমানে তাঁরা নিম্নপদ্ধতিতে কাজ করে যাচ্ছেনঃ
১. অজ্ঞ ও ধর্মবিমুখদেরকে কুরআন-হাদীসের বাণী প্রচারের মাধ্যমে ধর্মপরায়ণ করা।
২. কেহ যেন নৈতিকতা বিরোধী কাজে লিপ্ত না হয়, ইসলামের বাণী অবহিত করায়ে সচেতন করা।
৩. সমাজের ঝগড়া-বিবাদ, কলহ-কোন্দল মেটানোর কাজে অগ্রণী ভূমিকা পালন করা।
৪. ইসলামী জীবন যাপনে উদ্বুদ্ধ করে সমাজের যাবতীয় কুসংস্কার দূরীভূত করা।
৫. সমাজের মধ্যে নাগরিক সচেতনতা জাগ্রত করা এবং পরকালের ভয়-ভীতি প্রদর্শন করে, প্রত্যেককে সুনাগরিকের দায়িত্ব পালনে সচেতন করা।
সামজিক উন্নয়ন
একটি রাষ্ট্র বা জাতীয় উন্নতি ইসলামী শিক্ষা তথা প্রচলিত মাদ্রাসা শিক্ষা ব্যতীত আদৌ সম্ভব নয়। তাই এ যুগ সন্ধিক্ষণে সমাজের অন্যায়-অত্যাচার, অজ্ঞতা ও কুসংস্কার দূর করে সমাজের উন্নয়ন কল্পে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে গড়ে তোলা দরকার। আমার কথা হলো -“ইসলামিক ফাউন্ডেশন, “মসজিদ মিশন” ও “মসজিদ সমাজ” মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষকদেরকে শিশু-শিক্ষা, বয়স্ক শিক্ষা, হাঁস-মুরগীর খামার, পশু পালন, দাতব্য চিকিৎসালয়, কৃষি, বন ও মৎস্য চাষ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে স্ব-স্ব কর্মস্থলে প্রেরণ করছেন। তাঁদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান যারা পল্লী-অঞ্চলের উন্নতি বৃদ্ধি পাবে এতে সন্দেহ নেই।
আর্থিক উন্নয়ন
কর্মহীন শিক্ষা যেমন অবাস্তব, ধর্মহীন শিক্ষা ও ফলদায়ক নয়, বরং সমাজের জন্য ক্ষতিকর। কর্ম ও ধর্ম উভয় পদ্ধতির সমন্বয় করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠে উহাই বাস্তব শিক্ষা। বর্তমান মাদ্রাসা শিক্ষা এ বাস্তবতার আলোকে গড়ে উঠেছে। ইবনে খালদুন, ইবনে সীনা, ইবনে রুশদ, আল কিন্দি, আল-ফারাবী, আল-গাজ্জালী প্রমুখ দার্শনিক, চিকিৎসক, ঐতিহাসিক ও সমাজতত্ত্ববিদগণ অতীত যুগের মাদ্রাসা শিক্ষা লাভ করেই দেশের উন্নয়নের পথ নির্দেশ দিয়ে গেছেন। বর্তমান যুগেও তা সম্ভব। বর্তমানে দেশের সার্বিক উন্নয়নমূলক বিভিন্ন পেশায় নিয়োজিত মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের সংক্ষিপ্ত বিবরণ নিম্নে প্রদত্ত হলো-
১. শিক্ষকতা: দেশের ১৪ হাজার স্বীকৃতিপ্রাপ্ত এবতেদায়ী মাদ্রাসা, সাড়ে পাঁচ হাজার দাখিল মাদ্রাসা, এবং আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় প্রায় দেড় লাখ লোক শিক্ষকতা করছেন। এ ছাড়া প্রায় ১০ হাজার নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্কুলে ২০ হাজারেরও অধিক ধর্মীয় শিক্ষক এবং ৪৪ হাজারের অধিক প্রাথমিক বিদ্যালয়ে ফাজিল, কামিল পাশ ৫০ হাজারের অধিক শিক্ষক নিয়োজিত থেকে সাধারণ শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষাও দিয়ে যাচ্ছেন। তদুপরি সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষকসহ কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়েও বেশ কিছু সংখ্যক মাদ্রাসা শিক্ষায় শিক্ষা প্রাপ্তরা শিক্ষকতা করে যাচ্ছেন। উপরন্ত প্রায় ২ লাখ মসজিদে ৪ লাখেরও অধিক ইমাম মোয়াজ্জিন ও প্রায় ৮০ হাজার মক্তবে ১ লাখের অধিক মুয়াল্লিম স্থানীয় জনসাধারণের অনুদানের অনুকুল্যে চাকুরী করে যাচ্ছেন। বেসরকারী তথা কওমী মাদ্রাসায় শিক্ষাদানরত শিক্ষকদের হিসাব উপরোক্ত পরিসংখ্যানের বহির্ভূত।
২. বৈদেশিক মুদ্রা অর্জনঃ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের একটি অংশ বর্তমানে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৃত্তি নিয়ে পড়াশুনা করে খরচের পর অতিরিক্ত অর্থ দেশে পাঠাচ্ছেন। তদুপরি আধুনিক আরবী ও আরবী টাইপ শিখে যারা বিদেশে চাকুরী করছেন এবং চাকুরীলব্ধ টাকা বৈদেশিক মুদ্রাকারে দেশে পাঠাচ্ছেন, তাদের সংখ্যাও কম নয়।
৩. ব্যবসা বাণিজ্যঃ দেশের এক শ্রেণীর আলিম মাদ্রাসা শিক্ষা গ্রহণের পর ব্যবসা-বাণিজ্যে আত্মনিয়োগ করে সাফল্যের সাথে জীবিকা নির্বাহ করছেন। তাদের ন্যায়-নীতি ও সততাপূর্ণ ব্যবসা-বাণিজ্য দেশের আর্থ-সামাজিক চাহিদা পূরণে সহায়ক বিবেচিত হয়ে আসছে। তদুপরি দেশের একশ্রেণীর আলিম ইউনানী, হেকিমী ও হোমিও চিকিৎসায় নিয়োজিত থেকে জনসেবার সাথে-সাথে নিজেরাও সচ্ছল অবস্থায় জীবন যাপন করছেন। তবে সরকারী চাকুরীতে এদের সংখ্যা এখনও কম। অল্পে তুষ্টি তাঁদেরকে স্বাবলম্বী হতে সহায়তা করেছে।
সুপারিশমালা
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরো জোরদার এবং উন্নয়নমুখী করার লক্ষ্যে নিয়ে কতেক মুসুপারিশ লিপিবদ্ধ করা হলোঃ-
১. মাদ্রাসা শিক্ষার ভিত্তি পৃথক ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে স্বীকৃতি দান করে শিক্ষকগণকে নিয়মিত সরকারী অনুদান প্রদান এবং ছাত্র-ছাত্রীদেরকে প্রাথমিক বিদ্যালয়ের অনুরূপ বিনামূল্যে বইপত্র সরবরাহ করার ব্যবস্থা নিলে “বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম” বাস্তবায়িত হতে পারে।
২. বর্তমানে সাধারণ শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষার নানাবিধ বৈষম্য বিরাজমান। উদাহরণ স্বরূপ ইবতেদায়ী ও নিম্নমাধ্যমিক বৃত্তি প্রদানের কথা উল্লেখ করা যায়। সাধারণ শিক্ষায় উক্ত দু’টি বৃত্তি সরকারীভাবে দেয়া হয় কিন্তু মাদ্রাসা শিক্ষায় বেসরকারীভাবে।
৩. মঞ্জুরী প্রদানের সময় মাদ্রাসা বোর্ড যে সব শিক্ষক রাখার শর্ত দিয়া থাকেন, উক্ত সকল শিক্ষককে সরকারী অনুদানের আওতাভুক্ত করা প্রয়োজন।
৪. আলিম শ্রেণীতে উচ্চ মাধ্যমিক কলেজের মানবিক বিভাগের যাবতীয় বিষয় পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত থাকলেও উক্ত বিষয়ের প্রভাষকদেরকে কোন সরকারী অনুদান দেয়া হয়না। অনুরূপভাবে ফাজিল মাদ্রাসায় ডিগ্রী কলেজের মানবিক শাখার যাবতীয় বিষয় পাঠ্যসূচীর অন্তভুক্ত থাকা সত্ত্বেও মাত্র বাংলা, ইংরেজী বিষয়ের প্রভাষকদ্বয়কে সরকারী বেতন দেয়া হয়। ইসলামের ইতিহাস, রাষ্ট্র বিজ্ঞান ও অর্থনীতির প্রভাষক রাখা অবশ্য কর্তব্য। প্রভাষকের ব্যবস্থা না করতে পারলে মঞ্জুরী দেবেনা। অথচ সরকার এদেরকে বেতনও দেবেনা। মাদ্রাসা শিক্ষার সাথে এসব বৈষম্যমূলক আচরণ পরিহার করা দরকার।
৫. পাঠ্যপুস্তক প্রকাশনার জন্য মাদ্রাসা টেক্সট বুক বোর্ড গঠন করে স্বতন্ত্রভাবে ইসলামী ও আধুনিক শিক্ষায় শিক্ষিত পণ্ডিত ব্যক্তিদের দ্বারা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন করা একান্ত প্রয়োজন। এ প্রসঙ্গে পাঠ্য পুস্তকের দুর্বোধ্যতা ও সংখ্যাধিক্য শিক্ষার্থীদের জন্য বোঝা হয়ে না দাঁড়ায়, সে দিকে লক্ষ্য রাখা প্রয়োজন।
৬. মাদ্রাসার শিক্ষার্থীরা বর্তমানে যে সমস্ত সমস্যায় আছেন তা নিরসন কল্পে আরো বাস্তবধর্মী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং ব্যয়বহুল পাঠ্য তালিকার পরিবর্তন করে মাদ্রাসা শিক্ষার পথ সকলের জন্য উন্মুক্ত করা দরকার।
৭. ফাজিলকে ডিগ্রী এবং কামিলকে এম, এ মান দেয়া উচিত। প্রতি জিলায় সরকারী উদ্যোগে একটি করে ফাজিল মাদ্রাসা এবং বৃহত্তম জিলায় একটি করে পূর্ণাঙ্গ কামিল মাদ্রাসা গড়ে তুলে তাতে আধুনিক যুগ-জিজ্ঞাসা ও চাহিদার আলোকে ইসলামী বিষয় সমূহের উপর গবেষণা কেন্দ্র স্থাপন করা একান্ত প্রয়োজন।
৮. মাদ্রাসা শিক্ষকদেরকে পাঠদানের আধুনিক পদ্ধতি শিক্ষা দানের লক্ষ্যে প্রতি বিভাগে সরকারী উদ্যোগে একটি করে মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা অত্যাবশ্যক।
৯. ইসলামী বিশ্ববিদ্যালয়কে এফিলিয়েটিং ক্ষমতা দিয়ে ফাজিল ও কামিল মাদ্রাসাগুলিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা প্রয়োজন।
১০. দেশের অধিকাংশ মাদ্রাসা ঘরের অবস্থা ভাল না। আসবাবপত্র ও শিক্ষা উপকরণের যথেষ্ট অভাব রয়েছে। তদুপরি চাহিদা মোতাবেক বিজ্ঞানাগারও নেই। এ সমস্ত মাদ্রাসায় সরকারী পর্যায়ে উন্নয়নের আওতাভুক্ত করা এবং আসবাবপত্র ও শিক্ষা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা দরকার।
১১. ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত সর্বস্তরের মাদ্রাসাগুলি একটিমাত্র বোর্ডের অধীনে পরিচালিত হওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের দুর্ভোগের অন্ত নেই। রেডিও-টিভিতে ফল প্রকাশের খবর প্রচারিত হলেও দৈনিক পত্রিকাগুলোতে ফলাফল ছাপানো হয় না। জিলা প্রশাসকের নিকট কেন্দ্রের ফলাফল আসেনা। টেবুলেশন সীট পেতে কোন-কোন সময় দুই থেকে আড়াই মাস সময় লেগে যায়। দুই, তিন মাস পরেও মার্কসীট পাওয়া যায় না। মূল সনদ পেতে হলে অন্ততঃ ৪/৫ বছর অপেক্ষা করতে হয়। সাময়িক সনদ আনতে হলে সরকারী নির্ধারিত ফী আদায় করার পরও বিরাটমূল্য ও সময় দিতে হয়। এরূপ প্রতিটি ক্ষেত্রে অনিয়ম, কালক্ষেপন ও অর্থের অপচয় ঘটে। অতএব মাদ্রাসা শিক্ষাকে সাধারণ শিক্ষার সমমর্যাদা দেয়ার লক্ষ্যে অন্ততঃ আর একটি মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করা অতীব প্রয়োজন।
১২. ইবতেদায়ীসহ প্রায় ২০ হাজার মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র অধিদপ্তর গঠনের পদক্ষেপ নেয়া যেতে পারে।
উপসংহার
উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে, “সামাজিক চাহিদা পূরণে মাদ্রাসা শিক্ষা” এদেশে কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম। তবে এ ব্যাপারে সরকারকে অত্যধিক আন্তরিক হতে হবে।