যাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ
[লেখাটি ২০০৩ সালে আল–জামেয়াতুল ফালাহিয়া (কামিল) মাদ্রাসার ২৫ বৎসর পূর্তি উপলক্ষে উৎসব স্মারক-এ প্রকাশিত হয়]
প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় কিছু লোকের ঘাম ঝরানো ও নিঃস্বার্থ ত্যাগ কোরবানীর ইতিহাস থাকে। আল-জামেয়াতুল ফালাহিয়া (কামিল) মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পরিচালনায় যারা নিঃস্বার্থ ত্যাগ কোরবানীর নজরানা পেশ করে গেছেন অব্যাহতভাবে একান্ত মনের টানে; তাদের মধ্যে কয়েকজনকে গত দু’বছরের ব্যবধানে আমরা হারিয়েছি। ফালাহিয়ায় যখন আমি যোগদান করি তখন ইহা একটি দাখিল মাদরাসা ছিল। এ মাদরাসাকে কামিল স্তরে উন্নীত করার ক্ষেত্রে এদের নিরলস প্রচেষ্টা ছিল স্মরণ করার মত। পঁচিশ বছর পূর্তির এ মুহূর্তে আমরা ফালাহিয়া পরিবারের পক্ষ থেকে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। কোন প্রবন্ধ-নিবন্ধ লিখে তাদের অবদানের মুল্যায়ন করা সম্ভব নয়। আল্লাহ তা’য়ালা তাঁদের শ্রমের জন্য যথার্থ জাযায়ে খায়ের দান করুন। ছাত্র-ছাত্রী ও সুধীজনের কাছে হারিয়ে যাওয়া প্রতিষ্ঠাতা সদস্যদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরার লক্ষ্যে এ লেখার অবতারনা করছি।
মরহুম আলহাজ্ব মোঃ ইউনুস
সদা প্রাণবন্ত উচ্ছল উজ্জীবিত এক বাক্তিস্বত্তা আলহাজ্ব মোঃ ইউনুস। কর্ম চাঞ্চল্য, সৎসাহস, পরিশ্রমপ্রিয়তা, সাধনা ও দারুণ দরদীমন ছিল, যার বিশেষণ তেমনি এক ক্ষণজন্মা পুরুষ ১৯৪৫ এর জুনে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত চম্পকনগর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মৌলভী মোঃ আবদুল বারী। মাতা অজিফা বেগম এখনও জীবিত আছেন, বয়স ৯০ বছরেরও অধিক। সে কালজয়ী ব্যক্তির স্মৃতির পাতাগুলো যখন আমি আওড়াতে থাকি, তখন যে শূণ্যতা আমার মনে সৃষ্টি হয়েছে তাতে করে আমার মনে হল লোকটি নিজের জন্য জন্মেনি বরং পরের জন্য তার জন্য। তাঁর গতিময় জীবনের সোনাঝরা দিনগুলির বিক্ষিপ্ত স্মৃতিগুলো উৎসব স্মারকে তুলে ধরাই আমার ইচ্ছে।
শিক্ষাঃ আলহাজ্ব মোঃ ইউনুস ছোট কাল থেকে অতান্ত মেধাবী ছিলেন। তাঁর শিক্ষা জীবন পার্শ্ববর্তী বল্লভপুর উচ্চবিদ্যালয়ে শুরু। এরপর তিনি চট্টগ্রাম জেলার অন্তর্গত মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন ১৯৬১ ইং সালে। পরবর্তীতে চট্টগ্রাম সরকারী কলেজ থেকে আই.এ ও বি.এ পাশ করেন। পারিবারিক কারণে তিনি আর কোন উচ্চ শিক্ষা নিতে পারেননি।
সন্তান-সন্ততিঃ মরহুমের বড় ছেলে আবদুল্লাহ রায়হান। যিনি ২০০১ ইং সালে পাকিস্তানের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদ থেকে অর্থনীতিতে অনার্সসহ মাষ্টার্স পাশ করেন। ছোট ছেলে আবদুল্লাহ রেদওয়ান ঢাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে এম, বি এ অধ্যয়নরত। বড় মেয়ে সাবেকা সুলতানা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্সে অধ্যয়নরত। মেঝো মেয়ে সুমাইয়া সাদিয়া দারুল ইহসান ইউনিভার্সিটিতে ইংরেজীতে অনার্স পড়ছে। সেজো মেয়ে নাদিয়া ফারজানা ভিকারুন্নেসা নুন কলেজে এইচ, এস সিতে পড়ছে। ছোট মেয়ে সামিরা তাসনিয়া একই স্কুলে ১০ম শ্রেণীতে পড়ছে।
আন্দোলনঃ মরহুম আলহাজ্ব মোঃ ইউনুস ১৯৯৯-৭০ ও ৭০-৭১ সালে নিখিল পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সেক্রেটারী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরবর্তীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা ও কর্মপরিষদের সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনঃ শত ঝড়-ঝঞ্জা ও কঠিন বাস্তবতার মধ্য দিয়ে বেড়ে এই প্রাণচঞ্চল ব্যক্তি ১৯৭৪ সালে তার কর্মজীবনে পা রাখেন। ১৯৭৮ এর প্রথমদিকে নিজেই রেদওয়ান ইন্টারন্যাশনাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ সরকার ১৯৯৪ সালে তাকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (CIP) হিসেবে ঘোষণা করেন। ৯৫ সালে প্রতিষ্ঠিত বিশ্বের মুসলিম ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন International Business Forum প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৯৮ সালের মাঝামাঝিতে তিনি এ ব্যাংকের Executive Committee এর চেয়ারম্যান নিযুক্ত হন।
সমাজকল্যাণ মূলক কাজঃ মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বহু সমাজকল্যাণমূলক সংস্থার সাথে জড়িত ছিলেন। ফেনী আঞ্জুমানে ফালাহিল মুসলেমীন (ট্রাস্ট) এর চেয়ারম্যান ছিলেন। এই ট্রাস্টের অধীনে পরিচালিত আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা। মাদ্রাসার প্রয়োজনে যে কোন ত্যাগ স্বীকার করতেন। ৯৬ ইং সালে কামিল ক্লাশ খোলার পর তার ত্যাগ অনেক বৃদ্ধি পায়। মাদ্রাসা পরিদর্শন করার জন্য তিনি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান জনাব এ. টি. এম. শরীফুল্লাহকে নিজ গাড়ীতে করে মাদ্রাসায় নিয়ে আসেন। কামিল মঞ্জুরীর স্বার্থে তিনি একবার আমাকে নিয়ে ডাঃ মুস্তাফিজুর রহমান সাহেবের বাসায় যান। দীর্ঘ সময় আলোচনা করেন শুধু মাদ্রাসার মঞ্জুরী প্রসংগে। তিনি আমাকে পেলে মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে প্রায়ই বলতেন, বলুন আমাকে কি করতে হবে? মাদ্রাসার লেখা পড়ার পরিবেশ সুন্দর করা, এবং একটি হোস্টেল নির্মাণে উদ্যোগ গ্রহণ করতে চেয়েছিলেন একটা ভিন্ন প্রক্রিয়ায়। কিন্তু আল্লাহ তাকে সে সুযোগ দেননি। তবে নেক নিয়্যাতের জন্য ছাওয়াব অবশ্যই তিনি পাবেন।
মৃত্যুঃ এই অসাধারণ ব্যক্তিত্ব ২০০২ সালের ১৭ ই মার্চ রোববার দিবাগত রাত পৌনে ১০টায় ইহলোক ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর মৃত্যু আমাদের সকলকে করেছে ব্যথিত ও শোকাহত। জানি মৃত্যু সকলের জন্য অবধারিত তারপরও তাঁর মৃত্যু আমাকে এবং তাঁর প্রতিটি অনুরাগীকে পাহাড়সম ব্যথায় ব্যথিত করেছে। তার মৃত্যুতে জাতি একজন বলিষ্ঠ শিল্পোদ্যক্তা, সমাজসেবী, তেজোদীপ্ত প্রাণ, কর্মসচেতন ও তৎপর ব্যক্তিকে হারালো। যিনি এ সময়কার প্রতিটি যুবকের জন্য প্রেরণা। আমাদের প্রেরণা দিয়ে তিনি যে মহান আদর্শ তথা কোরআন-হাদীস অধ্যয়নের ভূবন তৈরি করে গেছেন, সে ভূবনে তিনি একজন মডেল হিসেবে প্রতিষ্ঠিত থাকুক। আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করছি।
মরহুম আলহাজ্ব মাকছুদুর রহমান
যে মহান ব্যক্তির জমিনের উপর মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে তিনি হলেন আলহাজ্ব মাকছুদুর রহমান। মরহুম সুলতান আহমদ (শাস্তি কোং) এর দানকৃত তিন ডিং জমিনের উপর ফেনী ইসলামিয়া এতিমখানা প্রতিষ্ঠার পর, এতিমদের লেখাপড়া করানোর জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করেন কর্তৃপক্ষ। তখন কেউ জমি দিতে রাজি হয়নি। এমতাবস্থায় রামপুর নিবাসী জনাব আবুল খায়ের গং প্রস্তাব দেন মাদ্রাসাটি রামপুরে প্রতিষ্ঠা করার জন্য। এ প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি নিজের জমিনের উপর (বর্তমান) মাদ্রাসা প্রতিষ্ঠা করার সার্বিক সহযোগিতা করেন। মাদ্রাসার মোট জমিনের প্রায় অর্ধেক জমিন তাঁর। মাদ্রাসার সুখে-দুঃখে সবসময় ওতপ্রোতভাবে তিনি জড়িত ছিলেন। ফেরৎ দেবার শর্তে একবার তিনি মাদ্রাসার নামে ৪৮ শতাংশ জমিন দান কবলা রেজিঃ করে দিয়েছেন। ২০০২ সালে তিনি ১,০০,০০০/= (এক লক্ষ টাকা) করজে হাসানা দান করেন। মোট কথা মাদ্রাসার সার্বিক প্রয়োজনে তিনি অতন্দ্রপ্রহরীর মত কাজ করেন। মাদ্রাসার প্রতিটি ইটের গাঁথুনীতে তাঁর ঘাম জড়িত। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মাদ্রাসা গভর্ণিং বডির সদস্য এবং ট্রাস্টের সদস্য ছিলেন।
তাঁর তিন ছেলে, তিন মেয়ে, স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে যান। বড় ছেলে মোঃ ইউসুফ, মেঝো ছেলে মোঃ আখতার হোসেন, ছোট ছেলে মীর হোসেন বাবুল। আখতার হোসেন স্নো হোয়াইট দোকানের মালিক এবং ছোট ছেলে সাদিয়া ড্রেস হাউজ পরিচালনা করেন। তিনি ২০০৩ সালের ১৮ ই এপ্রিল রোজ শুক্রবার রাত ৮.১৫ টার সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম (বি.এস.সি)
বারাহীপুর নিবাসী জনাব নুরুল ইসলাম বি.এস.সির পিতার নাম মরহুম ছেরু মিয়া। তিনি মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে জিবি ও ট্রাস্ট এর সদস্য ছিলেন। আমি অত্র মাদরাসায় ১৯৮৭ সালের ১লা জানুয়ারীতে যোগদেয়ার পূর্বেও যখন ফেনীতে এসেছি তখনও ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী, সমাজসেবক এ লোকটিকে ফালাহিয়া অঙ্গণে দেখেছি। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বড় ছেলে আনওয়ারুল ইসলাম পেশায় একজন বড়মানের ঠিকাদার। মেঝো ছেলে ফখরুল ইসলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ছোট ছেলে কামরুল ইসলাম এখনও লেখাপড়া করছে। মেয়েদের সবাই বিবাহিতা। জনাব বি.এস.সি সাহেব বৃহত্তর ইসলামী আন্দোলনের একজন নিরলস ও একনিষ্ঠ সেবক ছিলেন। দাওয়াতী বই সঙ্গে রাখতেন। সুযোগ পেলেই ইসলামের দাওয়াত দিতেন। বেতন পেয়ে প্রথমে নির্ধারিত অংশ ফি সাবিলিল্লাহ হিসাবে দিতেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলাম, দ্বীন, ধর্ম, ঈমান ও আক্বীদা বিষয়ে মানুষকে বুঝাতেন এবং অত্র প্রতিষ্ঠানের ধারক ও বাহকের ভূমিকা রেখে গেছেন। ২০০৩ সালের ১লা জানুয়ারী ইহলোকের মায়া ত্যাগ করে তিনি পরপারে আল্লাহর সান্নিদ্ধে চলে গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।কাজী মোঃ হুমাউন কবির
কাজী মোঃ হুমাউন কবির, পিতা- কাজী মুরহুম আবদুল গফুর, গ্রাম মাইজ বাড়িয়া, ফেনী সদর, ফেনী। তিনি দীর্ঘদিন থেকে আঞ্জুমানে ফালাহিল মুসলেমিন (ট্রাস্ট) এর সভাপতি ছিলেন। ১৯৯০ সালের শেষ পর্যন্ত পদাধিকার বলে গভর্ণিং বডির সভাপতিও ছিলেন। তাঁকে আমি নিকট থেকে দেখার সুযোগ হয়েছে। তাঁর নির্দেশনায় মাদ্রাসার লক্ষ-লক্ষ টাকার কাজ হয়েছে, কিন্তু তিনি কখনো একটি টাকাও নিজ হাতে গণনা করে দেখেন নাই। আমার জানামতে তিনি মাদ্রাসা ফান্ড থেকে কোন সময় একটি পয়সা ধারও নেন নাই। মাদ্রাসার প্রয়োজনে সাধারণ কালেকশান করতেও দ্বিধাবোধ করতেন না। তিনি আমাদের স্বনামধন্য ব্যক্তিত্ব আ.ন.ম আবদুজ জাহের সাহেবের শিক্ষক ছিলেন। একবার ফালাহিয়ার কাজে আ.ন.ম আবদুজ জাহের সাহেবের কাছে গেলে তিনি বলেন- আমি ফালাহিয়াকে যতটুকু ভালোবাসি তারচেয়ে বেশী ভালোবাসি হুমায়ুন স্যারকে। এ মহান ব্যক্তিত্ব ২০০৩ সালের মাঝামাঝি সময় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে তিন মেয়ে নাতি-নাতনী ও বহু গুণগ্রাহী রেখে যান। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
সৈয়দ মোঃ আবদুর রব
লক্ষীয়ারার বগইড় নিবাসী জনাব সৈয়দ মোঃ আবদুর রব ছিলেন আরেকজন নিঃস্বার্থ সমাজ কর্মী। তিনিও আজ আমাদের মাঝে নেই। তিনি ট্রাস্টের ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। প্রতিষ্ঠালগ্নে থেকে তার শ্রম নিয়োজিত ছিল এ প্রতিষ্ঠানে গোড়াপত্তনে।
পরিশেষে মহান আল্লাহ তা’য়ালার কাছে এদের ছাড়াও আরো যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এ মাদ্রাসাকে আজকের এ পর্যায়ে আনার ক্ষেত্রে অবদান রেখেছেন, তাদের প্রত্যেকের জন্য জাযায়ে খাইর কামনা করছি। আল্লাহর কাছে আরো দোয়া করছি আল্লাহ যেন ইলমে দ্বীনের এ বাগানকে কেয়ামত পর্যন্ত জারি রাখেন। আমাদের নগণ্য খেদমতও কবুল করেন। আমীন। হুম্মা আমীন।